যুদ্ধবিরতির আলোচনার মধ্যে লেবাননে জোরদার অভিযানের নির্দেশ নেতানিয়াহুর
- আপডেট সময় : ০৫:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননে স্থল অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। জবাবে সীমান্তে হিজবুল্লাহর পাল্টা হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের চাপে লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়ে বিবেচনা করছে তেল আবিব।
পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তিতে লেবাননের কথা থাকলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলেন, হামলা চলবে।
ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং রাজধানী বৈরুত-এ বারবার হামলা চালাচ্ছে। এই হামলায় ২,০০০-এর বেশি মানুষ নিহত এবং ১০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহও।
এদিকে লেবাননে ইসরাইলের আক্রমণ বন্ধ করতে আন্তর্জাতিকভাবে তীব্র চাপ তৈরি হয়েছে। এই চাপের মুখে গত ১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে লেবাননের সঙ্গে আলোচনায় বসে ইসরাইল। আলোচনায় যুদ্ধবিরতির কথা উঠলে তা নাকচ করে দেয় ইসরাইলি প্রতিনিধিদল। তবে শান্তি ফেরাতে নিজেদের মধ্যে সরাসরি আলোচনা চালিয়ে যেতে সম্মত হয় উভয় পক্ষ।























