‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে সানজিদা তাসনিম
- আপডেট সময় : ০৪:৩৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী সানজিদা তাসনিম। র্যাম্প মডেলিং থেকে অভিনয়ে এসে ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করছেন। চরকিতে আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছেন। সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এছাড়াও তিনি একটি অনুদানের সিনেমাতেও অভিনয় করেছেন।
তার মিডিয়া যাত্রা শুরু হয়েছিল একেবারেই শখের বশে। ছোটবেলায় ক্লাস নাইনে এনটিভিতে নাচ পরিবেশনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরে দীপ্ত টিভি-এর রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ অংশ নিয়ে ফাইনালের তিন বিজয়ীর একজন হন। সেই অভিজ্ঞতাই তাকে অভিনয়ের স্বপ্ন দেখায়।

এ প্রসঙ্গে অভিনেত্রী সানজিদা তাসনিম বলেন, ‘র্যাম্প মডেলিং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু অভিনয়ে চরিত্রের আবেগ ধরে রাখা, সংলাপ বলা—সবই আলাদা চ্যালেঞ্জ।’ তিনি মানসম্মত কাজের দিকেই বেশি মনোযোগী এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
গত ঈদে সালাউদ্দিন লাভলু পরিচালিত চ্যানেল আইতে সাত পর্বের ধারাবাহিক ‘কুলিন সমাচার’ প্রচারিত হয়েছে, যেখানে তার উপস্থিতিও দর্শকদের নজরে এসেছে।

পড়াশোনা করেছেন সিলেটে, পরে ঢাকায় এসে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি-তে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়েন। মিডিয়ায় না এলে হয়তো দেশের বাইরে থাকতেন, পরে দেশে ফিরে নিজের ক্লথিং ব্র্যান্ড গড়ে তুলতেন—এমনটাই ভাবনা ছিল তার।












