সংসদের প্রথম অধিবেশন শুরু হবে কাল সকাল ১১টায়
- আপডেট সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে কাল সকাল ১১টায়। সচেতন মহলের দৃষ্টি এখন গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত নতুন সংসদের প্রথম দিনটির দিকে।
চাকরিতে কোটাবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টে উত্তাল হয়ে ওঠে দেশ। শুধু কলেজ-বিশ্ববিদ্যালয় নয়, স্কুল পড়ুয়া শিশুরাও নেমে পড়ে রাজপথে। প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের গুলির মুখে বুক পেতে দাঁড়ায় মানুষ। দেড় হাজার তরতাজা জীবন ও অসংখ্য পঙ্গু ও আহতের বিনিময়ে অর্জিত হয় চুড়ান্ত বিজয়। ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকার।
এরপর, ৮ আগস্ট ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ ১৮ মাসের সংস্কার ও পূনর্গঠন শেষে, গেলো ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি নেতৃত্বাধীন জোট।
১৭ ফেব্রুয়ারি শপথ নেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা। ঐদিনই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান এবং সরকারের মন্ত্রীরাও। ১৯ বছর ১ মাস ৬ দিন পরে আবারও সরকার গঠন করে বিএনপি।
রীতি অনুযায়ী বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এরপর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। এসময় প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
এক যুগেরও বেশি সময় স্বৈরশাসনের পর আবারও গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে। রাষ্ট্র পরিচালনা ও গণমানুষের আশা-আকাংখা প্রতিফলিত হবে জাতীয় সংসদে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নতুন সংসদ সদস্যগণ, প্রাণবন্ত করবে জাতীয় সংসদ। দেশের সচেতন মানুষের প্রত্যাশাও তাই।




















