চট্টগ্রামের ১৬টি আসনে বড় জয় পেয়েছে বিএনপি
- আপডেট সময় : ০১:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে বড় জয় পেয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকের ১৪ জন প্রার্থী জয়লাভ করেছেন। অপরদিকে, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের ২ প্রার্থী বিজয়ী হয়েছেন।
চট্টগ্রামে অশীতিপর বৃদ্ধ থেকে জীবনে প্রথমবার ভোট দেওয়া সদ্য কৈশোর পার করা তরুণ- সবার চোখেমুখে ছিল অন্যরকম উচ্ছ্বাস। পরিবর্তিত প্রেক্ষাপটে ভোট দেওয়া নিয়ে মানুষের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। নির্বাচন শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তাও জানালেন নিজের চ্যালেঞ্জের কথা।
চট্টগ্রামে বিজয়ী বিএনপির ১৪ প্রার্থীর মধ্যে ১০ জনই নতুন মুখ। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা। চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম–১১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম–১৩ আসন থেকে সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসনে মোস্তফা কামাল পাশা জয়ী হয়েছেন। চট্টগ্রাম–৬ আসনে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এছাড়া ১০টি আসনে জয়ী বিএনপির নতুন মুখের মধ্যে রয়েছে চট্টগ্রাম–১ আসনে নুরুল আমিন, চট্টগ্রাম–২ আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম–৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম–৫ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম–৭ আসনে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম–৮ আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম–৯ আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম–১০ আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম–১২ আসনে এনামুল হক, চট্টগ্রাম–১৪ আসনে জসীম উদ্দিন আহমদ। আগামীতে সততা আর ন্যায়ের সাথে কাজ করার কথা জানিয়েছেন জয়ীরা।
এছাড়া চট্টগ্রাম–১৫ ও ১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী ও মাওলানা জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।





















