নয়াদিল্লীতে মোদীর সাথে বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
- আপডেট সময় : ০৮:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, বৈঠকে ‘কৃষি গবেষণায় সহযোগিতা’, ‘সাংস্কৃতিক বিনিময়’ এবং ‘দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেনের সহজীকরণ’ এই তিনটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে দিল্লী বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত। দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা, ঐতিহ্যবাহী নাচসহ বর্ণাঢ্য আয়োজনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। এর আগে বেলা ১১টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৮ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-টুয়েন্টির ১৮তম সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি দিল্লি যান। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

















