প্রধানমন্ত্রীকে নিয়ে বগুড়ার মহিলা দলের নেত্রীর আপত্তিকর বক্তব্যের জেরে দফায় দফায় সংঘর্ষ
- আপডেট সময় : ০৯:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৭৪০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীকে নিয়ে বগুড়ার মহিলা দলের নেত্রীর আপত্তিকর বক্তব্যের জেরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীরা। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বগুড়ার গাবতলীতে চলা এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। এ সময় দু’পক্ষের ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও বিএনপি নেতা–কর্মীরা পরস্পরকে দুষছেন। জেলা আওয়ামী লীগের নেতাদের ভাষ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গত শুক্রবার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে ‘আপত্তিকর ও কটূক্তিমূলক’ বক্তব্য দিয়েছেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন। এর প্রতিবাদে আজ দুপুরে ‘শান্তিপূর্ণ মিছিল’ বের করেন বগুড়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ওই মিছিলে হামলা চালিয়েছে বিএনপি। আর বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিএনপির নেতা–কর্মীদের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালিয়েছে। এর প্রতিবাদে বিএনপি-যুবদল বিক্ষোভ মিছিল বের করলে তাতে নির্বিচারে গুলি ও লাঠিপেটা করেছে পুলিশ।



























