বাংলাদেশে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে উদ্যোগ নেবে সৌদি সরকার
- আপডেট সময় : ০৩:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বে তেল সরবরাহের বিষয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকা সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।
রাজধানীর সোনারগাও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ও রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় এ আলোচনা শুরু হয়। এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তেলের বাজার স্থিতিশীল রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বে তেল সরবরাহের বিষয়ে কোনো উদ্বেগ নেই। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর শুল্কখাতে সহযোগিতা বাড়াতে চুক্তি এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা স্মারক সই করেছে দু’দেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বুধবার দুপুরের পর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।


























