নড়াইলে কোন্দল থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা
- আপডেট সময় : ০৮:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৭০৬ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে কোন্দল থামাতে গিয়ে পুলিশের ওপর হামলা করে পিস্তল ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে।
গেলরাতে দায়েরকৃত মামলায় সরকারী কাজে বাধা ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ এনে আহত এএসআই মিকাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে। লোহাগড়া পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে কুমড়ি গ্রামে গ্রাম্য গোলযোগ থামাতে গিয়ে মাতুব্বর ওহিদুর সরদারের লোকজন লোহাগড়া থানার এএসআই মীর আলমগীর ও এএসআই মিকাইল হোসেনের ওপর হামলা চালিয়ে গুলিভর্তি একটি পিস্তল ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত দুই পুলিশ কর্মকর্তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনার দু’ঘন্টা পর একটি মসজিদের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

























