৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- আপডেট সময় : ১২:০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
৪৯তম বিশেষ বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৫ অক্টোবর) রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ৪৯তম বিশেষ বিসিএসে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে শেষ পর্যন্ত ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪৯তম বিশেষ বিসিএসে ৬৬৫ জন উত্তীর্ণ
গত বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে নিয়োগের জন্য বিবেচিত হন ৬৫৭ জন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হয়নি। নিয়োগের প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হচ্ছে।
রাজনৈতিক পরিচয়ে বৈষম্য নয়
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে নিয়োগ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে নিয়োগের আগে নির্ধারিত নিয়ম অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
তিনি জানান, কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি বিবেচনায় আসতে পারে। এ ধরনের ক্ষেত্রে অল্পসংখ্যক প্রার্থী অপরাধের কারণে নিয়োগ থেকে বাদ পড়তে পারেন।
এর আগে একজন প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার কথা উল্লেখ করে স্ট্যাটাস দেওয়ার বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। তিনি দাবি করেন, ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের পদধারী নেতা ছিলেন।
তবে মন্ত্রী আবারও বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কারও প্রতি বৈষম্য করা হবে না। নিয়োগপ্রক্রিয়ায় ভেরিফিকেশনসহ নির্ধারিত সব ধাপ অনুসরণ করা হবে।




















