৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স
- আপডেট সময় : ০৩:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স প্রায় ৩৪ দিন পর আবারও খোলা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় দানবাক্স (ডেগচি) থেকে টাকা বের করে গণনা শুরু হয়।
মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির ব্যবস্থাপনায় তৃতীয় দফায় এ গণনা চলছে। এতে মাদরাসার শিক্ষার্থী, মাজার কমিটির সদস্য ও জেলা প্রশাসনের কর্মচারীরা অংশ নিয়েছেন।
গণনার সময় সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের টাকা গণনা করা হয়। সেদিন আটটি দানবাক্স খুলে পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার ও দুইটি সৌদি রিয়াল। পরে জেলা প্রশাসনের ফান্ড থেকে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের দেওয়া ৫ লাখ টাকার চেক যোগ হলে মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
এরপর গত ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। তখন পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি দেশি-বিদেশি মুদ্রা, ৯ গ্রাম স্বর্ণ, ১০ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপা পাওয়া যায়।
এবার তৃতীয় দফায় দানবাক্সের অর্থ ও মূল্যবান সামগ্রী গণনা চলছে।






















