হ্যারি কেইনের মাথায় উঠছে দ্বিতীয় ইউরোপিয়ান গোল্ডেন শু
- আপডেট সময় : ০৫:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ইউরোপের সেরা গোলদাতার মুকুট আবারও উঠতে যাচ্ছে হ্যারি কেইনের মাথায়। ২০২৫-২৬ মৌসুমে দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিততে যাচ্ছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ ফরোয়ার্ড।
আগামী ১৯ আগস্ট জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অবস্থিত বায়ার্ন মিউজিয়ামে কেইনের হাতে তুলে দেওয়া হবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
এর আগে ২০২৪ সালে প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন কেইন। এবার দ্বিতীয়বার এই পুরস্কার জিতে ইউরোপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করলেন ৩৩ বছর বয়সী এই তারকা।
ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সবচেয়ে বেশি জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ও পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের পরেই এখন সম্মানজনক এই তালিকায় নিজের নাম উজ্জ্বল করছেন কেইন।
২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগায় ৩৬ গোল করে টানা তৃতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন কেইন। মজার বিষয় হলো, ২০২৪ সালে প্রথমবার গোল্ডেন শু জেতার সময়ও বুন্দেসলিগায় তার গোলসংখ্যা ছিল ৩৬টি। একই সংখ্যক গোল করে দুইবার ইউরোপের সেরা গোলদাতার স্বীকৃতি পেলেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক।
টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই গোলের ধারাবাহিকতা বজায় রেখেছেন কেইন। ক্লাব ফুটবলে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে ইউরোপের শীর্ষ স্ট্রাইকারদের কাতারে নিয়ে গেছে।
























