সুপ্রিম কোর্টের বাধার পরও নাগরিকত্ব নীতিতে ফের কঠোর ট্রাম্প
- আপডেট সময় : ০১:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের (Birthright Citizenship) সুযোগ সীমিত করার উদ্যোগে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে একই ধরনের পদক্ষেপকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে রায় দিলেও নতুন আদেশ জারি করায় ফের আইনি বিতর্ক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ট্রাম্প প্রশাসন দুটি নতুন নির্বাহী আদেশ জারি করে। এর মধ্যে একটি আদেশে নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে। অন্য আদেশটি মূলত ‘বার্থ ট্যুরিজম’—অর্থাৎ শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা ঠেকানোর ওপর জোর দিয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকরা বলছেন, সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া অধিকাংশ মানুষই নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখেন এবং নির্বাহী আদেশ দিয়ে এই অধিকার পরিবর্তন করা যায় না।
এর আগে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার একটি বড় উদ্যোগকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। আদালত জানায়, এই ধরনের পদক্ষেপ সাংবিধানিক সুরক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
নতুন আদেশের বিরুদ্ধেও মানবাধিকার সংগঠন ও অভিবাসন অধিকারকর্মীরা আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ আবারও দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।






















