সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের
- আপডেট সময় : ০১:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব ও রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের আগে টেলিফোনে দেওয়া এক বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানান।
মির্জা ফখরুল বলেন, তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী ও দিনমজুররা স্বচ্ছল জীবনযাপন করতে পারবেন। সবাই নিরাপদ পরিবেশে বসবাসের সুযোগ পাবেন এবং তরুণদের জন্য তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ।
তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের জন্য আত্মকর্মসংস্থান ও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে—এটাই তার প্রত্যাশা।
বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি পাশে থাকার সুযোগ পেয়েছেন। গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হলে কী কী মিস করবেন—এমন প্রশ্নের জবাবে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘অনেক কিছু মিস করব।’ এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথাও স্মরণ করেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার স্নেহ ও সান্নিধ্য তার রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাকে স্মরণ করলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে।




















