সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেবে দুদক
- আপডেট সময় : ০৫:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে নতুন কমিশন গঠনের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
তিনি বলেন, “এই মুহূর্তে দুদকে কমিশন নেই। এ ধরনের অভিযোগের বিষয়ে কমিশনের মাধ্যমেই কার্যক্রম গ্রহণ করা হয়।” নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য থাকাকালে প্রভাব খাটিয়ে অর্থ আত্মসাতে তিনি ভূমিকা রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ২৯ জুলাই ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ক্ষমতাপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক অথবা চেয়ারম্যান বরাবর অভিযোগটি জমা দেন। পরে ১০ আগস্ট বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।
অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ছাড়াও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মাদ সাইফুল আলম (এস আলম) এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ৫০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়। অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদনে ভূমিকা রাখেন।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনাটি তদন্ত করে বিভিন্ন অসঙ্গতি শনাক্ত করেছে বলেও দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে এখনো কোনো তদন্ত বা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। নতুন দুদক কমিশন দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব।
























