সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী তিন দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৪:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আইনজীবী তরিকুল ইসলাম দাবি করেন, মোনালিসা ইসলাম মেহেরপুরের আটটি মামলা এবং ঢাকায় দুদকের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। কারামুক্তি ঠেকাতেই তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়েছে বলেও জানান আইনজীবী।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। পরে তার শ্যালক আব্দুর রব বাদী হয়ে ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।
২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।























