সবশেষ মামলায়ও জামিন পেলেন খায়রুল হক
- আপডেট সময় : ০৫:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় জামিন পাওয়ার পর তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় তার জামিন বহাল রাখেন চেম্বার আদালত। ওই মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। ফলে বনানীর মামলাটিই তার কারামুক্তির ক্ষেত্রে সর্বশেষ আইনি বাধা হয়ে ছিল।
গত ৩০ জুন খোয়াইব হত্যা মামলায় খায়রুল হককে জামিন দেন একই হাইকোর্ট বেঞ্চ। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। ওই দিন বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা যাত্রাবাড়ী মোড়ের দিকে এগিয়ে গেলে তাদের ওপর গুলির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন খোয়াইব। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ ২০২৪ সালের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়। এর আগে গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বিভিন্ন মামলায় তাকে একে একে গ্রেপ্তার দেখানো হয়।
বনানী থানার হত্যাচেষ্টা মামলায় আজ জামিন পাওয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে থাকা সর্বশেষ মামলাতেও জামিন নিশ্চিত হলো। ফলে তার মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

























