শ্রীলঙ্কার কাছে বাজে হার লিটনদের, জাতির কাছে ক্ষমাপ্রার্থী কোচ
- আপডেট সময় : ০১:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে ফাইনালে ওঠার সুযোগ হারানোর পর ব্রোঞ্জ পদকের লড়াইয়েও ব্যর্থ হয়েছে লিটন দাসের দল। খর্বশক্তির শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
বাংলাদেশের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
ব্যাটিংয়ে চরম ব্যর্থ বাংলাদেশ
শ্রীলঙ্কা আগে ব্যাট করে ২০ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলের প্রথম তিন ব্যাটার লিটন দাস, সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম কোনো রান না করেই সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন সাইফ হাসান।
ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশের বোলিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে টি-টোয়েন্টিতে দলের গুরুত্বপূর্ণ বোলারদের কাছ থেকে কার্যকর পারফরম্যান্স পাওয়া যায়নি।
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ
পূর্ণশক্তির দল নিয়ে এশিয়ান গেমসে গেলেও শ্রীলঙ্কা খেলেছে তুলনামূলক খর্বশক্তির দল নিয়ে। এমন পরিস্থিতিতে ৬৩ রানের হারকে বড় হতাশা হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’
মুস্তাফিজকে নিয়ে কোচের ব্যাখ্যা
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভার বোলিং করে ৪৩ রান দেন মুস্তাফিজুর রহমান। তার ইকোনমি রেট ছিল ১৪.৩৩। তবে অভিজ্ঞ এই পেসারের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘মোস্তাফিজ অনেকদিন ধরে চোটে ছিল। গত ১০ বছরে সে আমাদের সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে।’
দলের বোলিং ব্যর্থতা নিয়ে কোচ আরও বলেন, ‘এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট হারিয়েছি।’
শ্রীলঙ্কার কাছে এই হারের মধ্য দিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের পদক জয়ের সম্ভাবনাও শেষ হয়ে গেল।




















