শিগগিরই পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
শিগগিরই পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির আহবানে আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বলেও জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও উর্ধ্বতন কর্মর্তাদের বৈঠকশেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল দ্রুত চালুর কথা জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করলেও তার পরের দিন রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সকালেই হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথমেই প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত।
এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুসহ নানা ইস্যু নিয়ে কয়েকজন মন্ত্রী বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
বৈঠকে থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রসংগে কথা বলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। জানান, থার্ড টার্মিনাল দ্রুত চালু করার কথা ভাবছে সরকার।
বৈঠক নিয়ে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও। তিনি জানান, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। সেদিনই তোলা হবে অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশগুলোও।
এসময় পুলিশের উচ্চপর্যায়ে কিছু রদবদল হতে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



















