লালমনিরহাটে জুয়া বন্ধের প্রতিবাদ করায় শিক্ষককে হত্যাচেষ্টা
- আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রহিদুল ইসলামকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার হাতিরঝিল থানাধীন নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রহিদুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (সিঙ্গমারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব জানায়, গন্ধমরুয়া এলাকায় রহিদুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন। কলেজ শিক্ষক আরিফুল ইসলাম স্থানীয়দের মধ্যে জুয়ার ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতা তৈরি করতেন এবং জুয়া বন্ধের জন্য তাদের সতর্ক করেছিলেন।
এর জেরে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ২ আগস্ট আহত শিক্ষকের বাবা আদিতমারী থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। এরপর আসামিরা আত্মগোপনে চলে যায়।
মামলার পর র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ রংপুরের সিপিএসসি ও র্যাব-৩-এর সিপিসি-২, মগবাজার ঢাকার যৌথ দল অভিযান চালিয়ে রহিদুলকে গ্রেফতার করে।
র্যাব জানিয়েছে, গ্রেফতার রহিদুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















