রোগীদের ভরসার জায়গা হতে পারে চট্টগ্রামের নির্মাণাধীন ১৫০ শয্যার বার্ন ইউনিট
- আপডেট সময় : ০৪:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত প্রায় চার কোটি মানুষের জন্য একমাত্র বার্ন ইউনিট রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে এই হাসপাতালে বিশাল একটি অঞ্চলের আগুনে পোড়া রোগীদের সেবা পেতে হিমশিম খেতে হচ্ছে। তবে আগুনেপোড়া রোগীদের জন্য ভরসার জায়গা হতে পারে নির্মাণাধীন ১৫০ শয্যার বার্ন ইউনিট। ইতোমধ্যে ২৬ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। ছয় তলার বিশেষায়িত ইউনিটটিতে ১০টি আইসিইউ ও ২৫টি এইচডিইউ শয্যা থাকবে।
চলতি সপ্তাহে চট্টগ্রামের হালিশহরে একটি ছয়তলা ভবনে বিস্ফোরণে আগুন লেগে শিশুসহ নয়জন দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি না থাকায় সবাইকে পাঠানো হয়েছে ঢাকায়। এ ঘটনায় কয়েকজনের মৃত্যুও হয়েছে। বছরের পর বছর চট্টগ্রাম অঞ্চলের আগুনে পোড়া রোগীদের ঢাকায় পাঠিয়ে দিতে হচ্ছে। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই শুধু বার্ন ইউনিট আছে। ২০১২ সালে ৩৬ নম্বর ওয়ার্ডে যাত্রা শুরু হওয়া এই ইউনিটের শয্যা সংখ্যা ২৬। বিশাল একটি অঞ্চলের পোড়া রোগীরা যখন বার্ন ইউনিটে সেবা নিতে যান, তখন ছোট পরিসর এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে প্রতিদিনই নানা ভোগান্তিতে পড়তে হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন রোগির স্বজনরা।
























