রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২
- আপডেট সময় : ১২:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। একই সঙ্গে হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (১২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা সহায়তা পাচ্ছে। তার দাবি, মস্কোর সামরিক সক্ষমতা বাড়াতে পিয়ংইয়ং বিপুল পরিমাণ অস্ত্র ও হাজার হাজার সেনা পাঠিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে দেশটি শান্তির পথ নয়, বরং যুদ্ধ আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে, উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম আমদানি করছে এবং নতুন করে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ছয়জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্দেশিত বোমা ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
জাপোরিঝিয়ার সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবন ও যানবাহনের ছবি প্রকাশ করেছেন।
স্থানীয় কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে সবাই জাপোরিঝস্টাল ইস্পাত কারখানার কর্মী। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলার সতর্কতা জারির পর কর্মীরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হামলার শিকার হন। এতে আরও ২১ জন আহত হয়েছেন।
এ ছাড়া দনিপ্রোপেত্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চলে রুশ হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রাজধানী কিয়েভে একটি সংক্রামক রোগের হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। খেরসন ও খারকিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের মিকোলাইভ শহরে রুশ ড্রোন হামলায় ৭৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর চালানো অভিযানে ইউক্রেনের কিয়েভ ও জাপোরিঝিয়ার প্রতিরক্ষা শিল্প স্থাপনা, পরিবহন ও রসদ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
























