রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
- আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া আরও ৫০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, নতুন করে পাঠানো এসব সেনাকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হতে পারে। তবে তিনি এই তথ্যের উৎস প্রকাশ করেননি।
জেলেনস্কির দাবি, ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তার মতে, রাশিয়ার প্রযুক্তি ও সরঞ্জামের সহায়তায় উত্তর কোরিয়া নিজ দেশে ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম উৎপাদন করছে।
এর আগে ইউক্রেন জানিয়েছিল, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া এরই মধ্যে কয়েক দফায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। চলতি বছরের জুলাইয়ে জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রাশিয়া আরও প্রায় ৩০ হাজার উত্তর কোরীয় সেনা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এ জন্য রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে প্রস্তুতিও চলছে।
এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার সরবরাহ করছে। ইউক্রেনের দাবি, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিটও রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে।
জেলেনস্কি একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি ও অন্যান্য সামরিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশার কথাও জানিয়েছেন।
২০২৪ সালের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তিতে কোনো পক্ষ বাইরের আক্রমণের মুখে পড়লে অপর পক্ষ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর থেকেই দুই দেশের সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে।
তবে রাশিয়া ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন করে ৫০ হাজার সেনা পাঠানোর বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

























