রাতে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের
- আপডেট সময় : ০৫:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে রাতে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে গ্রুপ এ-এর এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
রাত ১টায় শুরু হবে ম্যাচ। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা। ১৬ বছর আগের সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এবার অবশ্য ভেন্যু মেক্সিকোর ঘরের মাঠ। মেক্সিকোর রক্ষণভাগকে শক্ত ভিত হিসেবে দেখা হচ্ছে। অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গড়া দলটি গেল ৮ ম্যাচের ৬টিতেই ক্লিনশিট রেখেছে। অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে বেশ পটু দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ ৯ ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার দেশটি। একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রথম জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। রাত সাড়ে ১১টায় শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন। অনুষ্ঠানে আরও থাকবেন জে বালভিন এবং পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় শিল্পীরা।

























