যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলে প্রতিবেশী দেশগুলোকেও ছাড় নয়: ইরান
- আপডেট সময় : ১১:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও অবস্থানগুলোতে ‘দীর্ঘস্থায়ী ও কঠোর’ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানে আঞ্চলিক কোনো দেশ সহযোগিতা করলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে দেশটি।
রোববার ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান
তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘আগ্রাসন’ চালিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল এবং মিথ্যা সাফল্য তুলে ধরার চেষ্টা করছে। পাশাপাশি, প্রতিবেশী কয়েকটি দেশের সম্মতিতে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে ইরানের কাছে তথ্য রয়েছে।
ইরানের দাবি, ইউরোপের একটি দেশে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিবৃতিতে ওই বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি।
মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি
ইরানের সামরিক সদর দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘কোনো ভুল’ করলে মধ্যপ্রাচ্যে থাকা দেশটির সব অবস্থান ও সামরিক ঘাঁটি হামলার আওতায় আসবে।
এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা বা বিশেষ বিবেচনা করা হবে না বলেও সতর্ক করেছে তেহরান।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ সঙ্গে কোনো আঞ্চলিক দেশ যুক্ত হলে তাদেরও ওই কর্মকাণ্ডের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।
এ ধরনের পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য আর কোনো সংযম বা সৌজন্য আশা করা যাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে ইরানের এই দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।




















