ময়মনসিংহে আশঙ্কাজনকভাবে বেড়েছে মাদকের বিস্তার
- আপডেট সময় : ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে আশঙ্কাজনকভাবে বেড়েছে মাদকের বিস্তার। জেলার ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে অবাধে পাচার হয়ে আসছে হরেক রকমের মাদকদ্রব্য। মাদক কারবারিরা সক্রিয় হয়ে ওঠায় মরণ নেশায় জড়িয়ে পড়ছে কিশোর-তরুণ ও বয়স্করা; যার ফলে বাড়ছে সামাজিক অপরাধও। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তৎপরতা কম থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। তবে বিজিবি বলছে, মাদক চোরাচালান রোধে তারা জিরো টলারেন্স নীতিতে রয়েছে।
শিক্ষা, শিল্প ও সংস্কৃতির জেলা হিসেবে পরিচিত ময়মনসিংহ। কিন্তু এই শান্ত ও ঐতিহ্যবাহী জনপদ এখন যেন মাদকের করাল গ্রাসে বন্দি। আসক্ত হয়ে এর মরণ কামড়ে ডুবে থাকছে এ জেলার উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, সব শ্রেণির মানুষ। স্থানীয়দের আক্ষেপ, মাদক যেন এখন ফেরিওয়ালার বাদাম, হাত বাড়ালেই মিলছে সহজে।
ভৌগোলিক অবস্থানের কারণে জেলার ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা। এসব পয়েন্ট দিয়ে হরহামেশাই পাচার হয়ে আসছে গাঁজা, ইয়াবা, ইস্কফ সিরাপ, মদ ও ফেনসিডিলসহ নানা জাতের মাদক। আর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে।
মাদক সংশ্লিষ্টরা বলছেন, দেশে মাদকের নিজস্ব কোনো উৎপাদন না থাকলেও ভৌগোলিক ও সীমান্ত সুবিধার কারণে বেশির ভাগ মাদক অবৈধ পথে দেশে প্রবেশ করছে। আর এসব চক্রকে ধরতে নিয়মিত অভিযান চলছে বলে দাবি এই কর্মকর্তার।
তবে সীমান্ত পাহারা ও মাদক প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ কড়াকড়ির দাবি সীমান্তরক্ষী বাহিনীর। বিজিবি জানায়, হালুয়াঘাট ও ধোবাউড়ার সীমান্ত পয়েন্টগুলোতে টহল আরও জোরদার করার পাশাপাশি মাদক চোরাচালানের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর জিরো টলারেন্স নীতি।
শুধু সীমান্ত বা রাস্তায় মাদক জব্দ করাই যথেষ্ট নয়, তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকের মূল গডফাদার ও আন্তর্জাতিক চোরাচালান চক্রকে দ্রুত গ্রেফতারের দাবি ময়মনসিংহবাসীর।

























