মেয়াদ শেষ হলেও চট্টগ্রাম সিটি মেয়রের জন্য এখনো নেই কোনো সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৩:০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
চলতি সপ্তাহে শেষ হয়ে গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ পরিষদের মেয়াদ। স্থানীয় সরকার আইন অনুযায়ী, কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববতী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। যা এ মুহূর্তে সম্ভব নয়। আবার চট্টগ্রাম সিটির জন্য এখনো কোন প্রশাসকও নিয়োগ করা হয়নি। বর্তমান মেয়রের দাবি, আদালতের আদেশ অনুযায়ী তিনি দায়িত্বে থাকতে পারবেন ২০২৯ সাল পর্যন্ত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ পর্ষদের প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। কিন্তু ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৯ আগস্ট চট্টগ্রামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সর্বশেষ মেয়র নির্বাচনের পর ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ডা. শাহাদাত ৯ জনকে বিবাদী করে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেছিলেন। সেই মামলায় ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে মামলার রায় দেন। ৩ নভেম্বর শপথ গ্রহণ শেষে ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন ডা. শাহাদাত। গত রোববার শেষ হয়েছে ষষ্ঠ পরিষদের মেয়াদ। আর এখন প্রশ্ন উঠেছে, বর্তমানে কিভাবে চলবে চসিক?
এ বিষয়ে স্থানীয় সরকার আইন পর্যালোচনা করে জানা গেছে, বর্তমান পর্ষদের মেয়াদ শেষে চসিক পরিচালনায় দুটো পথ খোলা আছে। এর মধ্যে একটি হচ্ছে স্থানীয় সরকার আইন অনুযায়ী চসিকে প্রশাসক নিয়োগ দেয়া। এছাড়া একই আইনের ৬নং ধারা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন পর্ষদের প্রথম সভা না হওয়া পর্যন্ত বর্তমান মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে। তবে আদালতের আদেশ অনুযায়ী ২০২৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব পালন করার সুযোগ আছে বলে জানান ডা. শাহাদাত হোসেন।
তবে সিটি করপোরেশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।
এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বর্তমানে কোনো কাউন্সিলর না থাকায় সেবা নিতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।






















