ভারত থেকে শেখ হাসিনার বক্তব্যে সরকার বিচলিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভার্চ্যুয়াল বক্তব্যে সরকার মোটেও বিচলিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা গণহত্যা চালিয়েও কোনো অনুশোচনা প্রকাশ করেনি, বাংলাদেশের মানুষ তাদের আর কখনোই গ্রহণ করবে না।” তিনি বলেন, সরকারের কার্যক্রম জনগণের সমর্থন নিয়েই এগিয়ে যাচ্ছে এবং এ ধরনের বক্তব্যে সরকার উদ্বিগ্ন নয়।
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সমুদ্রসম্পদ ও গভীর সমুদ্রবন্দরকে কাজে লাগিয়ে দেশের জন্য উল্লেখযোগ্য রাজস্ব আহরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি টেকনাফ এলাকায় অপহরণের ঘটনা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।





















