ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে নেপালি তরুণ
- আপডেট সময় : ০৩:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’ প্রকল্পে নেপালি তরুণ-তরুণীদের অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়েছে নেপালে। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় পর্যটন শহর পোখারায় এ আন্দোলন শুরু হয়।
গোর্খা রেজিমেন্টের সাবেক নেপালি সেনা কর্মকর্তারা আন্দোলনটির সংগঠকের ভূমিকা পালন করছেন। আগামী রোববার (১৬ আগস্ট) সরকারি সফরে পোখারা যাওয়ার কথা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ ধিরাজ সেথের। তাঁর সফরকে সামনে রেখে আন্দোলন জোরদার করা হয়েছে।
আন্দোলনকারীদের প্রধান দাবি, অগ্নিবীর প্রকল্পে নেপালি তরুণ-তরুণীদের অন্তর্ভুক্ত করতে হবে এবং দ্রুত নেপালে নিয়োগ কার্যক্রম শুরু করতে হবে।
ভারত ও ব্রিটেনের সেনাবাহিনীতে নেপালি নাগরিকদের জন্য গোর্খা রেজিমেন্ট রয়েছে। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটেন, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে গোর্খাদের সেনাবাহিনীতে নিয়োগ অব্যাহত থাকে।
তবে করোনা মহামারির সময় ২০২০ সালে ভারতীয় গোর্খা রেজিমেন্টে নেপালি নাগরিকদের নিয়োগ স্থগিত করা হয়। সেই স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে।
এর মধ্যে ২০২২ সালে ভারতের প্রতিরক্ষা বাহিনী চার বছরের জন্য তরুণদের নিয়োগের ‘অগ্নিবীর’ প্রকল্প চালু করে। চার বছর পর ২৫ শতাংশ সদস্যকে স্থায়ীভাবে রাখার বিধান রয়েছে। বাকি ৭৫ শতাংশকে ‘সেবা নিধি’ প্যাকেজের আওতায় এককালীন অর্থ দিয়ে অব্যাহতি দেওয়া হয়।
নেপালি তরুণদের দাবি, এই প্রকল্পে নেপালকেও অন্তর্ভুক্ত করতে হবে। তবে নেপাল সরকার এ দাবির সঙ্গে একমত নয়। কাঠমান্ডুর মতে, অগ্নিবীর প্রকল্পে নিয়োগের বিষয়টি ১৯৪৭ সালের ত্রিপক্ষীয় চুক্তির সঙ্গে সাংঘর্ষিক।
সূত্র: এনডিটিভি























