বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার
- আপডেট সময় : ০৪:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়রা। এম্বোলোর লাল কার্ডে ১০ জনের দল নিয়েও লড়াই করেছে সুইজারল্যান্ড। ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়, অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ চারে উঠে আলবিসেলেস্তে। টানা ৯ ম্যাচ পর গোলহীন লিওনেল মেসি।
নক আউটের আরও এক ম্যাচে কঠিন বাস্তবতার সাক্ষী আর্জেন্টিনা। কেপ ভার্গে, মিশরের পর সুইজারল্যান্ডের বিপক্ষে কি কঠিন পরীক্ষা না দিতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে, স্বপ্ন পূরণের দিনে এসব কেই বা মনে রাখবে। চাপ সামলে সেমিতে উঠার আনন্দে মাতোয়ারা মেসি, আলভারেজ, লাউতারো মার্টিনেজরা। লড়াকু সুইজারল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের আরও কাছে বিশ্বচ্যাম্পিয়নরা।
১০ জনের দল নিয়েও অনেকটা সময় লড়াকু মানসিকতায় আর্জেন্টিনাকে আটকে রাখে সুইজারল্যান্ড। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি। হুলিয়ান আলভেরেসের জাদুকরি মুহূর্ত ব্যবধান গড়ে দেয় ম্যাচের।
আসরে আলভারেজের প্রথম গোলের স্বস্তির পর শেষ সময়ে লাউতারো মার্টিনেসের গোল, উৎসবে রঙ্গীন আকাশী-নীল-শিবির, নিশ্চিত হয় সেমিফাইনাল।
কানসাস সিটিতে শুরুটাও আর্জেন্টিনার। ১০ মিনিটে মেসির নেয়া কর্ণার থেকে হেডে বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন ম্যাক আলিস্টার।
পিছিয়ে পড়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে আলবিসেলেস্তে রক্ষণ। চাপের মুখে বেশ কয়েকবার বিশ্বচ্যাম্পিয়নদের মান বাঁচিয়েছেন গোলরক্ষক এমি মার্টিনেজ।
তবে, ৬৭ মিনিটে আর পারেননি। ড্যান এন্দোয়ের বুলে গতির শটের কাছে অসহায় এমি মার্টিনেজ। ১-১ সমতায় সুইজারল্যান্ড।
খানেক বাদেই শোকে রূপ নেয় সুইসদের উৎসব। ৭২ মিনিটে নিজের ভুলে লাল কার্ড দেখেন ব্রেল এম্বোলো, ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। যদিও যে সুযোগ নির্ধারিত সময় কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। ১-১ সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।
তবে, শেষ পর্যন্ত কোন অঘটন নয়, অতিরিক্ত সময়ে বিশ্বচ্যাম্পিয়নদের ত্রাতা হুলিয়ান আলভারেজ-লাউতারো মার্টিনেজ। শিরোপা ধরে রাখার মিশনে বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।


























