বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত বাংলাদেশের, বিপাকে ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় : ১১:৫২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫২৩ বার পড়া হয়েছে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে বড় সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে আয়ারল্যান্ডের পরাজয়ে ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও কঠিন হয়ে গেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯২ রানের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে ২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার পথ পরিষ্কার হয়েছে তাদের। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে চলে যেতে হচ্ছে বাছাইপর্বের ঝুঁকিতে।
আইসিসির বর্তমান ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখন নিরাপদ অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র।
২০২৭ বিশ্বকাপের জন্য দুই স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে। তবে দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের সেরা তিনে থাকায় কাট-অফ তারিখ ৩০ সেপ্টেম্বরের পর নবম দলও সরাসরি বিশ্বকাপের সুযোগ পাবে। বর্তমানে বাংলাদেশ রয়েছে নবম স্থানে।
বর্তমান র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পয়েন্ট ৯০, বাংলাদেশের ৮৩ এবং ওয়েস্ট ইন্ডিজের ৭৭। কাট-অফের আগে ওয়েস্ট ইন্ডিজের ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে রয়েছে। সর্বোচ্চ চার পয়েন্ট পেলেও বাংলাদেশকে পেছনে ফেলা তাদের জন্য কঠিন হবে।
বিসিবির এক কর্মকর্তা বলেন, “ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ব্যবধান ছয় পয়েন্ট। তাদের হাতে রয়েছে মাত্র দুটি ম্যাচ। নিয়ম অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন অনেকটাই নিশ্চিত।”
এদিকে বাংলাদেশের ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। তবে সিরিজটি এখনও চূড়ান্ত নয়। শীর্ষ দল ভারতের বিপক্ষে খেললে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কিছুটা পরিবর্তন আসতে পারে, তবে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা খুব কম।
ওয়েস্ট ইন্ডিজ এর আগে ২০১৯ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি জায়গা করে নিতে পারেনি। ২০১৯ সালে বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে খেললেও ২০২৩ সালে বাছাইপর্ব থেকেই বিদায় নেয় ক্যারিবীয়রা। এবারও তাদের সেই পথেই যেতে হতে পারে।


























