বিমানভাড়াসহ সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার বাংলাদেশি কর্মী
- আপডেট সময় : ১২:০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় অগ্রগতি হয়েছে। বিমানভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, বিমানভাড়া ও অন্যান্য অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের সরকারের সময়ে দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল। এবার স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শ্রমবাজারটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং দেশটির রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে শ্রমবাজার নিয়ে আলোচনা করেন।
৩৩৮ রিক্রুটিং এজেন্সি কাজের সুযোগ পাচ্ছে
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে মোট ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কাজ করার সুযোগ পাবে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সি নির্বাচন করেছে।
এ ছাড়া আরও ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলও কর্মী পাঠানোর এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি আগের অনিয়ম ও সিন্ডিকেটের সুযোগ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।



























