বাবার মরদেহ হাসপাতালে রেখে পরীক্ষা, নোভিদের জিপিএ-৫ অর্জন
- আপডেট সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জের মেধাবী শিক্ষার্থী সাদিক হোসেন নোভিদ এসএসসি পরীক্ষার মাঝেই হারিয়েছে বাবা-মাকে। বাবার মৃত্যুর খবর গোপন রেখেই তাকে পরীক্ষায় অংশ নিতে পাঠানো হয়। পরীক্ষা শেষে জানতে পারে, বাবা আর নেই। সেই শোক কাটিয়ে পরবর্তী পরীক্ষায় অংশ নিয়ে এবার জিপিএ-৫ অর্জন করেছে সে।
নোভিদ পলিশা গ্রামের প্রয়াত শিক্ষক দম্পতি সুজাউদ্দিন সুজা ও কামরুন্নাহার এলিনার একমাত্র সন্তান। মা মারা যান এক বছর আগে। এরপর এসএসসি পরীক্ষার সময় স্ট্রোক করে অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা সুজাউদ্দিন সুজা।
পরিবারের সদস্যরা পরীক্ষার কথা চিন্তা করে নোভিদকে বাবার মৃত্যুর খবর জানাননি। জীববিজ্ঞান পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর সে জানতে পারে বাবার মৃত্যুর কথা। জানাজা ও দাফন শেষে আবারও পড়াশোনায় মন দেয় সে।
কঠিন পরিস্থিতির মধ্যেও ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে নোভিদ। সে জানায়, বাবা-মা বেঁচে থাকলে তার ফলাফলে সবচেয়ে বেশি খুশি হতেন। সবার কাছে বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছে সে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, নোভিদের এই সাফল্য প্রশংসনীয়। তার উচ্চশিক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
























