বান্দরবানে ৬০ কোটি টাকায় পানি-স্যানিটেশন, কমছে পাহাড়ে পানির সংকট
- আপডেট সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বান্দরবানে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াতে প্রায় ৬০ কোটি টাকার দুটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্পের আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় গ্র্যাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস), রিংওয়েল, গভীর নলকূপ ও বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পে বান্দরবান পৌর এলাকায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৬৬৭টি নতুন হাউসহোল্ড টয়লেট, ৮৬৭টি টয়লেট উন্নয়ন এবং পাবলিক টয়লেট নির্মাণ ও সংস্কারের কাজ চলছে।
অন্যদিকে প্রায় ৪৫ কোটি টাকার আরেক প্রকল্পের আওতায় জেলার সাত উপজেলায় ১০টি নতুন ও ১২টি পুরোনো জিএফএস, ৫৮৩টি রিংওয়েল, ১৪০টি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ৫০টি গভীর নলকূপ ও ৫০টি প্রোডাকশন টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
দুর্গম এলাকার বাসিন্দারা বলছেন, এসব ব্যবস্থা চালু হওয়ায় দূর থেকে পানি সংগ্রহের ভোগান্তি কমেছে। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানান, আরও দুর্গম এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে নতুন প্রকল্পের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।






















