বাজারে স্বস্তি, কমেছে কাঁচামরিচ ও ডিমের দাম
- আপডেট সময় : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম বড় ধরনের পরিবর্তন না হলেও কাঁচামরিচ ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ৩০ টাকা এবং ডিমের দাম ডজনে ১০ টাকা কমেছে। তবে মুরগি ও মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহে যা ছিল আরও বেশি। সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
এছাড়া বাজারে ঢ্যাঁড়শ, কচু ও পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। করলা ও কাঁকরোলের দাম ৮০ টাকা, শসা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
সবজি বিক্রেতারা জানান, কাঁচামরিচের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে অন্যান্য সবজির সরবরাহ ও চাহিদা স্বাভাবিক থাকায় দামেও বড় কোনো পরিবর্তন হয়নি।
ক্রেতারা বলছেন, কাঁচামরিচের দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে বেগুন, করলাসহ কয়েকটি সবজির দাম এখনো বেশি রয়েছে।
এদিকে মুরগির বাজারে স্থিতিশীলতা রয়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা, সোনালি মুরগি ৩৪০ টাকা এবং লেয়ার মুরগি ৩৮০ টাকা দরে।
ডিমের বাজারে অবশ্য কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে সাদা ডিমের ডজন ১৩০ টাকা এবং লাল ডিমের ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় ডিমের দাম কমেছে।
অন্যদিকে মাছের বাজারেও বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বাজারে প্রতি কেজি পাঙাস ২২০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, চাষের কৈ ২০০ টাকা, শিং ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং রুই মাছ ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, বাজারে মাছ, মুরগি ও সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দামও মোটামুটি স্থিতিশীল রয়েছে।





















