বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় চা-চাষী অপহরণের অভিযোগ
- আপডেট সময় : ১২:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে দীপঙ্কর গোপ নামে এক ভারতীয় চা-চাষীকে অপহরণের অভিযোগ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি জানিয়েছে, ৩৫ বছর বয়সী দীপঙ্কর গোপ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার চাউলহাটি সীমান্তসংলগ্ন তাসারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নিজের প্রায় ৬ বিঘা জমিতে চা চাষ করতেন।
বিএসএফের দাবি, গত শনিবার ভোরে জমিতে কীটনাশক ছিটানোর সময় কয়েকজন বাংলাদেশি নাগরিক তাকে ঘিরে ফেলে এবং জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে যায়। তার জমিটি চাউলহাটি বিএসএফ সীমান্ত পোস্ট থেকে মাত্র ১৫০ কদম দূরে বলে জানানো হয়েছে।
বিএসএফ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দীপঙ্কর বর্তমানে বাংলাদেশের পঞ্চগড় এলাকায় বিজিবির হেফাজতে রয়েছেন। তাকে উদ্ধারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।
ঘটনার পর বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে বলেও জানা গেছে। বিএসএফ জানিয়েছে, দীপঙ্কর গোপের মুক্তির জন্য তারা বিজিবি ও সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
এদিকে স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনার কয়েক দিন আগে চাউলহাটি সীমান্ত এলাকায় তমিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক করা হয়েছিল। এরপরই দীপঙ্কর গোপ অপহরণের ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকাগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। বিএসএফ জানিয়েছে, সীমান্তে মানবপাচারকারী চক্রের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
তবে দীপঙ্কর গোপের অবস্থান, আটকের কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

























