বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড়, জরিমানা গুনলেন মেসি
- আপডেট সময় : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রতিপক্ষের খেলোয়াড়কে চড় মারার ঘটনায় জরিমানার মুখে পড়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেজর লিগ সকার (এমএলএস) তাকে আর্থিক জরিমানা করলেও শাস্তির অঙ্ক প্রকাশ করেনি। তবে এ ঘটনায় কোনো ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তাকে।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২–২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান মেসি। একপর্যায়ে সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারেন ইন্টার মায়ামির অধিনায়ক। সেই ঘটনার জেরেই মেসিকে জরিমানা করেছে এমএলএস।
কুইন সুলিভান বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল পরিবারের সদস্য। তার ছোট ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছেন।
একই ম্যাচের আরেক ঘটনায় মেসির সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। পেনাল্টি বক্সে কুইন সুলিভান পড়ে গেলে তার সঙ্গে ফ্রের জটলা বাধে। একপর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেললে তিনি উঠে দাঁড়িয়ে ট্যাকল করেন।
ম্যাচের শেষ দিকে আরও উত্তেজনা ছড়ায়। বলের বাইরে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান। পরে স্বাধীন পর্যালোচনা প্যানেলের সিদ্ধান্তে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
মেসির শাস্তি অবশ্য জরিমানাতেই সীমাবদ্ধ। ফলে পরবর্তী ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে কোনো বাধা নেই তার।
ঘটনাবহুল ম্যাচটি মেসির জন্য ব্যক্তিগতভাবেও আবেগঘন ছিল। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচেই প্রথম গোলের দেখা পান তিনি। গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোলও করান মায়ামির অধিনায়ক।




















