ডারউইন টেস্ট
বাংলাদেশকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন!
- আপডেট সময় : ০৪:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ২২৮ রানের লিড নিয়ে। এই বিশাল ঘাটতি পেরিয়ে ম্যাচ জেতা অস্ট্রেলিয়ার জন্য কতটা কঠিন, তা দলটির টেস্ট ইতিহাসই বলছে।
প্রথম ইনিংসে সর্বোচ্চ ২০৬ রানের ঘাটতি পেরিয়ে টেস্ট জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। ২০১০ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে সেই জয় পেয়েছিল তারা। ফলে ডারউইনে বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে হবে অস্ট্রেলিয়াকে।
অবশ্য দেশের বাইরে আরও বড় ঘাটতি পেরিয়ে জয়ের নজির আছে অস্ট্রেলিয়ার। ১৯৯২ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ২৯১ রানে পিছিয়ে পড়েও ১৬ রানে জিতেছিল অ্যালান বোর্ডারের দল।
বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক আরেকটি পরিসংখ্যান দিয়েছেন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির ক্রিকেট বিশ্লেষক রিক ফিনলে। তাঁর হিসাবে, টেস্টে ২০০ বা তার বেশি রানের লিড নেওয়া দল ৮০.৬ শতাংশ ম্যাচ জিতেছে। ১৮.৩ শতাংশ ম্যাচ হয়েছে ড্র। বিপরীতে পিছিয়ে থাকা দল জিতেছে মাত্র ১.১ শতাংশ ম্যাচ।
২০০ বা তার বেশি রানে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়ার জয়ের হারও মাত্র ৩.৬৫ শতাংশ। এমন পরিস্থিতিতে ৮২ বার পড়েও জয় এসেছে মাত্র তিনবার।
অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেনের মতে, ২২৮ রানের ঘাটতি ব্যাটিং ইউনিটের মানসিকতায় বড় পরিবর্তন আনে। তখন জয়ের চেয়ে টিকে থাকার লড়াইটাই হয়ে ওঠে মূল লক্ষ্য।
ডেভিড ওয়ার্নারের মতে, হার এড়াতে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে অন্তত ১২৫ থেকে ১৫০ ওভার ব্যাট করে ৫০০ থেকে ৫৫০ রান তুলতে হবে। আজকের খেলা শেষ হওয়ার আগে আরও তিন উইকেট হারালে ম্যাচের ফল অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলেও মনে করেন তিনি।
বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বড় হুমকি হিসেবে স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডকে দেখেছিলেন ওয়ার্নার। তবে হেড ইতোমধ্যেই ফিরে গেছেন। ১১ ওভারে ২ উইকেটে ৩৮ রান করেছে অস্ট্রেলিয়া। এতে বাংলাদেশের লিড কমে দাঁড়িয়েছে ১৯০ রানে। জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড আউট হয়েছেন। ক্রিজে আছেন স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন।
সব মিলিয়ে ডারউইন টেস্টে এখন চালকের আসনে বাংলাদেশ। বোলাররা দ্রুত উইকেট তুলে নিতে পারলে অস্ট্রেলিয়ার সামনে কঠিন পথই অপেক্ষা করছে।























