বরিশালে নির্মাণাধীন বিশেষায়িত হাসপাতাল আশার আলো যোগাচ্ছে মানুষের মনে
- আপডেট সময় : ০৬:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বরিশালে নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল ঘিরে নতুন আশার আলো দেখতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিশেষায়িত এই ইউনিটের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালটি চালু হলে এই অঞ্চলের কোটি মানুষের ঢাকামুখী চিকিৎসা ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় অনেকাংশে কমে আসবে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখছে বরিশালের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রকল্প। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দ্রুতগতিতে এগিয়ে চলছে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের নির্মাণকাজ। কাজের গুণগত মান বজায় রেখে দিন-রাত পরিশ্রম করছেন নির্মাণ শ্রমিকরা।
প্রায় আড়াই একর জমির ওপর নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ১৭ তলা ভবন। ৪৬০ শয্যার এই হাসপাতালে একই ছাদের নিচে মিলবে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি রোগের বিশ্বমানের চিকিৎসা। ২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ নানা জটিলতায় নির্ধারিত সময়ে শেষ না হলেও, বর্তমানে তা শেষের পথে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই মেগা প্রকল্পের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। জুনের মধ্যেই সিংহভাগ কাজ শেষ করে ভবনটি বুঝিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে গণপূর্ত বিভাগ।
এই বিশেষায়িত হাসপাতালটি চালু হলে শুধু বরিশাল বিভাগই নয়, ধাপে ধাপে বদলে যাবে পার্শ্ববর্তী একাধিক জেলার লাখ লাখ মানুষের স্বাস্থ্যসেবার চিত্র। এখন শুধু অপেক্ষা—দ্রুত অবকাঠামো শেষ করে আধুনিক চিকিৎসাসেবা চালু করার।
























