বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর
- আপডেট সময় : ০৫:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আঁকাবাঁকা করে মোটরসাইকেল চালাতে বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে তিন বন্ধুর। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এদিকে, ময়মনসিংহে পিকআপের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. রাহিম, অপূর্ব এবং প্রেম। গতকাল রাতে হালকা বৃষ্টির মধ্যে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটির গতি ছিল অনেক বেশি। বিকট শব্দযুক্ত সাইলেন্সার লাগিয়ে তারা আঁকাবাঁকা ভাবে বাইক চালাচ্ছিলেন। বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন। অপর মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। কাহালু থানার উপপরিদর্শক এসআই ব্রজেন মাহাতো বলেন, দুর্ঘটনায় নিহত তিন যুবকের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
এদিকে, ময়মনসিংহে পিকআপের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।সকালে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে ফুলপুরগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ওই এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা যাত্রী হালুয়াঘাটের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও তার আড়াই বছরের শিশু ছেলে রুহান মারা যান।
নেত্রকোণার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ডোবায় পড়ে দুই মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এসময় সঙ্গে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। রাত পৌনে ১ টার দিকে কলমাকান্দা দুর্গাপুর সড়কে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নিরব মিয়া ও সোহান মিয়া। আহত হলেন, বিল্লাল মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত বিল্লালের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।






















