ফরিদপুরে কাভার্ড ভ্যানের চালককে মারধর, টাকা ছিনতাই
- আপডেট সময় : ০১:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান থামিয়ে চালককে মারধর করে ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত চালক তুহিন শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-রাজবাড়ী সড়কের শিবরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পিকআপ দিয়ে পথরোধ, ভাঙচুর কাভার্ড ভ্যানের কাচ
স্থানীয় বাসিন্দা ও কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী থেকে মালামাল নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হয় এসএ পরিবহনের কাভার্ড ভ্যানটি। পথে শিবরামপুর হাইওয়ে বাজারসংলগ্ন ব্রিজের ওপর পৌঁছালে নম্বরপ্লেটবিহীন একটি পিকআপ ভ্যানে থাকা ৫ থেকে ৬ জন ব্যক্তি গাড়িটির গতিরোধের চেষ্টা করে।
চালক গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে গেলে শিবরামপুর বাজার এলাকায় পিকআপ দিয়ে কাভার্ড ভ্যানটির পথ আটকে দেওয়া হয়। পরে দুর্বৃত্তরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে ভ্যানটির বাম পাশের জানালার কাচ ভেঙে ফেলে।
মাথায় আঘাত করে টাকা ছিনতাই
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানের চালক তুহিন শেখকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর কাছে থাকা ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
চালকের চিৎকার শুনে স্থানীয় বাজারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দেয়। এরপর পিকআপ ভ্যান নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ
খবর পেয়ে এসএ পরিবহনের ফরিদপুর শাখার ম্যানেজার ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে কোতোয়ালি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) পিয়াল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, এসএ পরিবহনের ফরিদপুর শাখার ম্যানেজারকে থানায় আসতে বলা হয়েছে। তাঁর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।




















