প্যারিসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ৪৪০ জন আটক
- আপডেট সময় : ০১:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ফ্রান্সের শিক্ষাব্যবস্থায় শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকটসহ বিভিন্ন সমস্যার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন দেশটির হাইস্কুল শিক্ষার্থীরা। আন্দোলনে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও শিক্ষকরা অংশ নিয়েছেন। বিক্ষোভ ঘিরে প্যারিসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাস্তায় নামেন বিপুলসংখ্যক শিক্ষার্থী। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েকটি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ দমনে টিয়ারশেল ও জলকামান
বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের কারণে প্যারিসের কয়েকটি এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।
বুধবারও (৩০ সেপ্টেম্বর) শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দিনের সংঘর্ষে শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
৪৪০ জন আটক
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারের বিক্ষোভ থেকে ৪৪০ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বড় একটি অংশই কম বয়সী শিক্ষার্থী।
শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও শিক্ষক সংকট তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।
সহিংসতার নিন্দা শিক্ষামন্ত্রীর
ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে বিক্ষোভে সহিংসতার ঘটনাগুলোর নিন্দা জানান তিনি।
সহিংসতাকে ‘অসমর্থনযোগ্য’ উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।




















