পূর্ব উপকূলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
- আপডেট সময় : ০৩:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পূর্ব উপকূলসংলগ্ন সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সকালে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়া ও জাপান জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পিয়ংইয়ং ধারাবাহিকভাবে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে—এই ঘটনা তারই অংশ। চলতি বছরে উত্তর কোরিয়ার সপ্তম এবং এপ্রিল মাসে চতুর্থবারের মতো এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ৬টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর সিনপোর কাছ থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
জাপান সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি সাগরে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।























