পশ্চিম তীরে ফিলিস্তিনি-ইসরায়েলি কর্মীদের যৌথ বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অধিকৃত পশ্চিম তীরের কুসরা শহরে তিন ফিলিস্তিনি পরিবারের বাড়ি টানা পাঁচ দিন অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি, বিদেশি ও বামপন্থি ইসরায়েলি আন্দোলনকারীরা।
শুক্রবার (১৪ আগস্ট) নাবলুসের দক্ষিণে কুসরার রাস আল-আইন এলাকায় জড়ো হন তারা। পরে অবরুদ্ধ তিন পরিবারের বাড়ির দিকে রওনা দেন বিক্ষোভকারীরা। তাদের উদ্দেশ্য ছিল পরিবারগুলোর খোঁজ নেওয়ার পাশাপাশি খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া।
তবে ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের বাড়িগুলোতে প্রবেশে বাধা দেয়। সেনাদের দাবি, এলাকাটি ‘বন্ধ সামরিক অঞ্চল’। পরে বিক্ষোভকারীরা কোনোভাবে বাসিন্দাদের কাছে খাবার, পানি ও জরুরি সামগ্রী পৌঁছে দেন।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার থেকে কয়েক ডজন ইসরায়েলি দখলদারের অবরোধের মধ্যে রয়েছেন তিন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বাড়ির বাইরে তাঁবু ও অস্থায়ী স্থাপনা তৈরি করে চলাচলের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে খাদ্য, পানি ও ওষুধ সরবরাহে বাধা দেওয়ার পাশাপাশি পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এর আগে কুসরায় অভিযান চালিয়ে ১৬টি ফিলিস্তিনি বাড়ি দখল করে সামরিক ব্যারাক হিসেবে ব্যবহার শুরু করেছিল ইসরায়েলি সেনারা বলে জানান শহর পরিষদের প্রধান আব্দুল আজিম ওয়াদি। বৃহস্পতিবার দখল করা বাড়িগুলো থেকে শুক্রবার সকালে সেনারা সরে যায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, প্রায় চার মাস আগে থেকেই ওই তিন পরিবারের বাড়ি দখলের চেষ্টা চলছে। পরিবারগুলোর আশঙ্কা, অবরোধের মাধ্যমে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করে পরে সম্পত্তি দখল করা হতে পারে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর হামলা ও দখলের ঘটনা বেড়েছে। এতে ফিলিস্তিনিদের ভূমি দখল ও বাস্তুচ্যুতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়ছে।





















