পথের অভাবে চরম দুর্ভোগে শ্রীপুরের একটি গ্রামের কয়েক হাজার মানুষ
- আপডেট সময় : ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মাত্র ২০০ মিটার সংযোগ সড়ক। কিন্তু এই অল্প পথের অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি গ্রামের কয়েক হাজার মানুষ। বর্ষা এলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় ২০০ পরিবারের বসতি। একাধিকবার রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হলেও জমি-সংক্রান্ত জটিলতায় তা আর বাস্তবায়ন হয়নি। তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার থেকে গফরগাঁও সড়কের অল্প দূরেই কাওরাইদ ইউনিয়নের পাইটালবাড়ি গ্রাম। অথচ মাত্র ২০০ মিটার সংযোগ সড়ক না থাকায় বছরের পর বছর দুর্ভোগে দিন কাটছে গ্রামের প্রায় ২০০ পরিবারের। এর প্রভাব পড়ছে কয়েক হাজার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়।
বর্ষা এলেই কাঁচা পথ ডুবে যায় কাঁদা ও পানিতে। তখন শিশুদের স্কুলে যাওয়া, কৃষিপণ্য বাজারে নেওয়া কিংবা নিত্যপ্রয়োজনে বাইরে বের হওয়াও হয়ে পড়ে কষ্টসাধ্য। সবচেয়ে বড় সংকট দেখা দেয় রোগী পরিবহনে। জরুরি মুহূর্তে অসুস্থ কাউকে হাসপাতালে নিতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দুই থেকে তিনবার রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় মালামাল আনা হয়েছিল। কিন্তু জমি-সংক্রান্ত বিরোধের কারণে প্রতিবারই কাজ বন্ধ হয়ে যায়। ফলে বছরের পর বছর একই দুর্ভোগ নিয়েই চলাচল করছেন তারা।
গ্রামবাসীর দাবি, মাত্র ২০০ মিটার সংযোগ সড়ক নির্মাণ হলেই বদলে যাবে পুরো এলাকার চিত্র। সহজ হবে যাতায়াত, উন্নত হবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা, গতি পাবে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও। সমস্যা সমাধানরে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্যও।
মাত্র ২০০ মিটার রাস্তার অভাবে বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, আশ্বাসের গণ্ডি পেরিয়ে দ্রুত বাস্তবে নির্মিত হবে বহু প্রতীক্ষিত এই সংযোগ সড়ক, শেষ হবে দীর্ঘদিনের দুর্ভোগ।
























