পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
- আপডেট সময় : ০২:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। জব্দ জিরার আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
কোস্ট গার্ড সূত্র জানায়, ৪ অক্টোবর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। এ সময় নদীতে সন্দেহজনক একটি কার্গো বোটের গতিবিধি নজরে আসে।
পরে কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ২১ হাজার কেজি জিরা পাওয়া যায়। এরপর জিরাগুলো জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করে কোস্ট গার্ড।
পালিয়ে যায় চোরাকারবারিরা
কোস্ট গার্ডের অভিযান টের পেয়ে কার্গো বোটে থাকা চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দ করা ২১ হাজার কেজি জিরা এবং পরিবহনে ব্যবহৃত কার্গো বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের জলসীমা ব্যবহার করে অবৈধ পণ্য আনা-নেওয়া ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















