নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি
- আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘসময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর প্রকৃত ক্ষমতায়ন হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্বের সুযোগ প্রায় নেই বললেই চলে। এসব পর্যায়ে নারীদের মনোনয়ন দেওয়া হলে তারা জাতীয় পর্যায়ে নেতৃত্বে আসার সুযোগ পেতেন।
তিনি বলেন, একটি আসনে তিনজন প্রার্থীর মধ্যে একজন নারী থাকলেও অনেক সময় তাকে দলীয়ভাবে যথাযথভাবে প্রমোট করা হয় না। রাজনৈতিক দলগুলোর মনোভাব ও নীতিতে পরিবর্তন না আনলে নেতৃত্বের জায়গায় নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।
বিভিন্ন পর্যায়ে বাধা এলেও তা উপেক্ষা করে নারীদের রাজনৈতিক নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।




















