বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান। রাজ্জাকের প্রয়াণের নবম বার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি স্মরণ করেন প্রয়াত এই অভিনেতাকে।
শাকিব খান লেখেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।’
বাংলা চলচ্চিত্রে রাজ্জাকের অবদানের কথা তুলে ধরে শাকিব বলেন, নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনেও নায়করাজের প্রভাব ছিল অনেক। তিনি ছিলেন তার মাথার ওপর ছায়ার মতো—স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন এবং নানা সময়ে পরামর্শ দিয়েছেন।
শাকিব আরও লিখেছেন, ‘অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি। তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতোই।’
নায়করাজের শিক্ষা, স্নেহ ও আশীর্বাদ এখনও তার পথচলার অনুপ্রেরণা উল্লেখ করে শাকিব খান বলেন, বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিন মানুষের হৃদয়ে ও চলচ্চিত্রের ইতিহাসে বেঁচে থাকবেন।
শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’
উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি বাংলা চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন এবং দর্শকদের কাছে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।