নতুন চারটি জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং করপোরেশন
- আপডেট সময় : ০৪:৩৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নতুন চারটি জাহাজ কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন- বিএসসি। এরমধ্যে দু’টি ক্রুড অয়েল মাদার ট্যাঙ্কার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ। ইতোমধ্যে চীনের সাথে জিটুজি ভিত্তিতে এ নিয়ে ঋণচুক্তিও সই হয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশন- বিএসসির বহরে বর্তমানে জাহাজ রয়েছে সাতটি। এগুলো বহুমুখী পণ্য- সার, ক্রুড অয়েল, প্রোডাক্ট অয়েল এবং কেমিক্যাল পরিবহনে ব্যবহার হচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি ও সরকারের আয় বৃদ্ধির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে জাহাজগুলো ভাড়ায় চলাচল করছে।
প্রতিষ্ঠার ৫৪ বছরের মধ্যে বিএসসি এখনই সবচেয়ে লাভজনক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত অর্থবছরে বিএসসি ৮০০ কোটি টাকা আয়ের বিপরীতে ৩০৬ কোটি টাকা মুনাফা করেছে। এ ধারা অব্যাহত থাকলে, ওয়ান শিপ পলিসির আওতায় প্রতি বছরে একটি করে জাহাজ বিএসসির বহরে যুক্ত করা সম্ভব হবে।
এদিকে, জি টু জি ভিত্তিতে দু’টি ক্রুড ওয়েল মাদার ট্যাঙ্কার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে অর্থায়নের জন্য গত ১১ মার্চ চীনের সঙ্গে চুক্তি হয়েছে।
বিএসসির বহরে সর্বশেষ যুক্ত হওয়া এমভি বাংলার প্রগতি গত বছরের ২৩ অক্টোবর ও এমভি বাংলার নবযাত্রা চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে ভাড়ায় চলাচল করছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, বহরে যুক্ত হওয়ার পর থেকে জাহাজ দু’টি থেকে বিএসসি এ পর্যন্ত ৫০ কোটি টাকা আয় করেছে।




















