নতুন সিনেমা ঘিরে আলোচনা
দেব-শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল
- আপডেট সময় : ০২:০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কলকাতার একসময়ের আলোচিত জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন তারা। সিনেমার সূত্রেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হলেও পরে তা ভেঙে যায়। তবে বিচ্ছেদের পরও এই জুটিকে ঘিরে আগ্রহ কমেনি ভক্তদের।
সম্প্রতি দেব-শুভশ্রীর একটি রোম্যান্টিক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের সকালে ‘দেশু’ ভক্তদের চমক দেন এই দুই তারকা।
পোস্টারে দেখা যায়, পাহাড়ি পরিবেশে একটি ক্রুজার বাইকের পাশে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন দেব ও শুভশ্রী। শুভশ্রীর পরনে থাই স্লিট গাউন ও লেদার জ্যাকেট, আর দেবকে দেখা গেছে জিনসে। পোস্টার প্রকাশের পরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
পোস্টারের ক্যাপশনে দেব ও শুভশ্রী লিখেছেন, “যতই আসুক না বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা। তাদের চোখে ভালোবাসা, শিরায় আগুন। রোম্যান্স আর অ্যাকশনের নতুন চ্যাপ্টারের জন্য তৈরি থাকুন।”
এর আগে লাদাখে সিনেমাটির একটি গানের শুটিং শেষ করেছেন দেব-শুভশ্রী। কলকাতা বিমানবন্দরে তাদের ‘গুডবাই হাগ’ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। অনেকেই তাদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ সিনেমাটি গত বছর মুক্তি পেলেও এর শুটিং হয়েছিল ২০১৫ সালে। প্রায় ১১ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এই সাবেক প্রেমিক জুটি।
দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেশু ৭’-এর। দেব-শুভশ্রী জুটির এটি সপ্তম সিনেমা। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের ভূমিকায় দেখা যাবে দেবকে।

























