দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে। এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন।
সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে জ্বালানি, অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
সফর শেষে আগামী ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।






















